ডেঙ্গু সচেতনতা কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯
অ- অ+

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ ক্যাম্পেইনে সাধারণ নাগরিকদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ।

তিনি বলেন, সময়োপযোগী তথ্য প্রচার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও, রিলস, স্টোরি ও পোস্ট তৈরি এবং শেয়ারের মাধ্যমে ব্যাপকভাবে জনসচেতনতা তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিশেষ করে তরুণ সমাজ, কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর যুক্ত হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে করণীয়, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তা সৃজনশীল ভিডিও, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলে জানান প্রতিমন্ত্রী।

আগামী তিন মাস এ ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক করণীয়সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রচার করা হবে। পাশাপাশি নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ভার্চুয়াল পরিসরেও ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু
মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী আদালতে, রিমান্ড আবেদন
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় পলাতক নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আটক করলো বিজিবি