কুমিল্লার দেবীদ্বারে মা ও শিশুভাতিজিকে কুপিয়ে হত্যা, আহত ভাবি

কুমিল্লার দেবীদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে ও আছড়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ভাবি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড়শালঘর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও তাঁর আট মাস বয়সী নাতনি ইসরাত। এ ঘটনায় পেয়ারা বেগমের পুত্রবধূ রাবেয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তাঁর মা পেয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এরপর ইমন তাঁর আট মাস বয়সী ভাতিজি ইসরাতকে আছড়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটিকে রক্ষা করতে এগিয়ে এলে রাবেয়া বেগমকেও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। একই সময় অভিযুক্ত ইমনকে আটক করে পাশের একটি ঘরে আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নেয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিুজ্জামন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানাতে পারব।’
ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












