বান্দরবানের সীমান্তবর্তী দুর্গম মদকে ডায়রিয়ার প্রাদুর্ভাব, আক্রান্তদের পাশে বিজিবি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫
অ- অ+

বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম মদক এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইনের সংকটে পড়েছেন আক্রান্তরা। এমন পরিস্থিতিতে দুর্গম এ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য পরামর্শ ও খাদ্যসামগ্রী দিয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর সকালে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামে থুই মা চিং মার্মা (৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। একই এলাকায় আরও ১০ থেকে ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পায় বিজিবি।

খবর পাওয়ার পর মদক বিওপির ব্যবস্থাপনায় একজন মেডিকেল সহকারী প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

পরবর্তীতে দুর্গম এলাকার আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫৭ বিজিবির উদ্যোগে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের চিকিৎসাসেবা দেয়।

তবে এলাকায় ডায়রিয়ার প্রকোপ অব্যাহত থাকায় ২০ সেপ্টেম্বর পুনরায় চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করে বিজিবি। আলীকদম ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি দল মদক এলাকায় যায়।

এ সময় ডায়রিয়ায় আক্রান্ত ও অসহায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়া এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় পাড়া কারবারী ও হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম সীমান্তবর্তী পার্বত্য এলাকার মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও জনকল্যাণে ৫৭ বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্গম পাহাড়ি এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাবের মধ্যে বিজিবির চিকিৎসা ও মানবিক সহায়তা স্থানীয় আক্রান্ত মানুষের জন্য তাৎক্ষণিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি গাজী নজরুলের বাসায় পাওয়া ‘মরিয়মের চিঠি’তে যা লেখা
দেশের ৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল