গাজী নজরুল এখন কোথায়?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭
অ- অ+

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নানা তথ্য সামনে এসেছে। তবে মরিয়মের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

রবিবার বিকালে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামান।

ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাঁর দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তাঁরা আলাদা কক্ষে চলে যান।

পরে বিকাল পাঁচটার দিকে মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ পান গাজী নজরুল। দরজা না খোলায় একপর্যায়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে তিনি ও শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে মরদেহ নামানো হয়।

তবে মরিয়ম কখন মারা গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ডিসি ইবনে মিজান।

গাজী নজরুল কোথায়

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মরিয়মের মরদেহ উদ্ধারের পর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ন্যাম ভবনের বাসাতেই অবস্থান করছেন।

পুলিশ বলছে, মরিয়মের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত চলছে।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তার কিছু সমর্থক এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার চালান।

তবে পরদিন কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় বলে দাবি করে। এ নিয়ে বিতর্কের মধ্যেই গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি তাকে বিয়ে করেছেন।

তবে মরিয়ম খাতুনের একটি বায়োডাটা বা জীবনবৃত্তান্ত সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। দাবি করা বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ ছিল।

একই বায়োডাটায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি স্বাক্ষরও দেখা যায়। এ নিয়ে চাকরির প্রলোভন দেখানো কিংবা অনৈতিক সম্পর্কের অভিযোগ ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়।

ভিডিও ভাইরালের পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে, করা হবে জিজ্ঞাসাবাদ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, নূর বেকারিকে জরিমানা