দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান এমপি গাজী নজরুল, মরিয়মের মৃত্যুর আগে যা ঘটেছিল

রাজধানীর শেরে বাংলা নগরের ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নানা তথ্য সামনে এসেছে। তবে তার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
রবিবার বিকালে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামান।
ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রবিবার দুপুরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। এরপর বিকাল সাড়ে তিনটার দিকে তারা আলাদা কক্ষে চলে যান।
পরে বিকাল পাঁচটার দিকে মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ পান গাজী নজরুল। দরজা না খোলায় একপর্যায়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে তিনি ও শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে মরদেহ নামানো হয়।
তবে মরিয়ম কখন মারা গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ডিসি ইবনে মিজান।
পুলিশ বলছে, মরিয়মের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












