ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৪
অ- অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, দলটির শীর্ষ পর্যায়ের নির্দেশনায় জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন।

তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। পরে বংশাল এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি বংশালের একটি ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

ডিবি জানায়, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডে তার ভাড়া বাসার নিচতলার পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য।

ডিবির এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে এবং আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে এসব ঘটনায় আরও কারা জড়িত, সে বিষয়ে তথ্য পাওয়ার আশা করছে ডিবি।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪