সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫
অ- অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (১৯ সেপ্টেম্বর) হামলার পর রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে কুণ্ডলী পাকানো ধোঁয়া দেখা যায়।

হামলার দায় স্বীকার করে হুথিরা। পরে হুথিদের দাবি স্বীকার করে সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী জোটও জানায়, রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে আগেই প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপোতে আগুন জ্বলতে দেখা যায়। এএফপির এক সাংবাদিক সেখানে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর লোগোযুক্ত একটি জ্বালানি ট্যাংকে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এএফপি জানিয়েছে, তারা ফুটেজটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি বিমানবাহিনী শনিবার ভোরে রিয়াদমুখী হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের সাম্প্রতিক হামলার জবাবে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে দুটি সামরিক অভিযান চালানো হয়েছে।

তিনি দাবি করেন, প্রথম অভিযানে রিয়াদের কয়েকটি সংবেদনশীল স্থাপনা এবং দ্বিতীয় অভিযানে ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

তুর্কি আল-মালিকি আরও দাবি করেন, হুথিরা সৌদি আরবের বিশা, তাইফ, ফারাসান ও ইয়ানবুতে বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল। তবে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব হামলা ব্যর্থ করে দেয় বলে জানান তিনি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ রিয়াদসহ বিভিন্ন শহরে সম্ভাব্য আকাশপথে হামলার বিষয়ে সতর্কতা জারি করে। শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো বার্তায় তাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা পর ওই সতর্কতা প্রত্যাহার করা হয়।

সতর্কতা প্রত্যাহারের পর রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান স্থানীয় বাসিন্দারা। বিমানবন্দরের দিক থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা গেছে বলেও জানান তারা।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসগুলো শনিবার নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে অঞ্চলটির চলমান সংঘাত দ্রুত আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্কুলছাত্র অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআই নিহত
শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পলাশ, সম্পাদক শিহাব
নিষিদ্ধ আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার