অপ্রতিম হত্যা রহস্যে নতুন মোড়, আটক তুহিনের বাসা থেকে আইফোন উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে তার মায়ের হারিয়ে যাওয়া আইফোন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুরো ঘটনার বিস্তারিত আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এর আগে সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানান তিনি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অপ্রতিমের সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া কিশোরের বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা আইফোনটি উদ্ধার করেন। অপ্রতিম তার মায়ের ওই আইফোন নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামত থেকে আইফোনটি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। ওই কিশোরের বয়স অপ্রতিমের চেয়ে বেশি ছিল এবং তার মাথায় ক্যাপ ছিল।
পরবর্তীতে ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজেও ওই কিশোরকে অপ্রতিমকে সঙ্গে নিয়ে যেতে দেখা যায় বলে জানায় সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে স্থানীয়দের সঙ্গে কথা বলে ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা লাশ উদ্ধারের আগেই ওই কিশোরের বাড়িতে যান এবং পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।
শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর কোটবাড়ি এলাকা থেকে ওই কিশোরকে আটক করে ডিবি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এর ধারাবাহিকতায় শনিবার রাত ৮টার দিকে সালমানপুর এলাকায় আটক কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়।
ঘটনার বিস্তারিত তথ্য রোববার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













