দক্ষিণ কেরানীগঞ্জে ১০২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১০২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সালাউদ্দিন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা।
শুক্রবার দিবাগত রাতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকীর নেত্বত্বে এ অভিযান পরিচালিত হয়।
শনিবার এসআরবি-১০-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এসব তথ্য জানান।
এসআরবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সালাউদ্দিন নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাউদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইয়ামিন।
এসআরবি-১০ জানায়, সালাউদ্দিন একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













