ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপন, দেশে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
অ- অ+

মানুষের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। কারণ এই অঙ্গটি প্রস্রাব তৈরি করা থেকে শুরু করে শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দেওয়া, হরমোন তৈরি এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মতো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে আপনাকে কিডনির স্বাস্থ্যের দিকে নজর ফেরাতেই হবে। কিডনির রোগে আক্রান্ত হয়ে ডায়ালিসিস কিংব কিডনি প্রতিস্থাপনের দিকে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয়।

তবে এবার দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এ প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বিএমইউ। এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। নিকট আত্মীয়ের পাশাপাশি আইনগত প্রক্রিয়া ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্বেচ্ছায় অন্য ব্যক্তিও কিডনি দান করতে পারবেন।

তিনি জানান, ইমোশনাল ডোনার যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা কাজ করছে। সম্ভাব্য ডোনারের আইনগত বিষয়গুলো যাচাই করার পর প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি হাসপাতালের একটি বিশেষ টিম ডোনারের মেডিকেলসহ অন্যান্য বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে তার সঙ্গে রোগীর সম্পর্ক ও দানের বিষয়টি যথাযথ কি না, তা যাচাই করবে।

তবে কিডনি দানের ক্ষেত্রে কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না বলে স্পষ্ট করেছেন বিএমইউ উপাচার্য। তিনি বলেন, অর্থের বিনিময়ে কিডনি দান বা গ্রহণের কোনো সুযোগ নেই।

দীর্ঘদিন নানা জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম ব্যাহত হলেও এখন থেকে বিএমইউতে নিয়মিত কিডনি রোগীদের সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

উপাচার্য আরও জানান, এ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজযাত্রায় নতুন স্বাস্থ্যনির্দেশনা, যেতে পারবেন না যারা
দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫, মামলা ৪৭
ডিপ্রেশন থেকে ফিরে আসুন স্বাভাবিক জীবনে