ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫, মামলা ৪৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৭৬ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ছাড়া তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৫৩টি লোহার পেরেক (তারকাটা), একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













