আসিফ মাহমুদ ও তার স্ত্রীর সম্পদ অনুসন্ধানে বিএফআইইউর কাছে তথ্য চাইল দুদক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৭| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৯
অ- অ+

অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও বিদেশে সম্পদ কেনার অভিযোগের অনুসন্ধানে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর তথ্য-নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে থাকা চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণসংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।

এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার ও শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়ে তথ্য-নথি চেয়েছে দুদক। এসব দেশে তাদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, সে সম্পর্কিত তথ্যও চাওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। তবে অনুসন্ধানাধীন অভিযোগ এখনো প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি সংস্থাটি।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা মানে এটা নয় যে, যা ইচ্ছে তা লিখবেন: প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
মারা গেলেন নাইজেরিয়ার কিংবদন্তি অভিনেতা ওলু জ্যাকবস
বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’