ঝর্ণায় ভিজতে গিয়ে যুবকের কাঁধে পড়ল বিশাল সাপ, ভাইরাল ভিডিও

ঝর্ণার পানিতে ভিজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন পর্যটকরা। হঠাৎ ওপর থেকে বিশাল আকৃতির একটি সাপ এসে এক যুবকের কাঁধে পড়ে। আকস্মিক এ ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের সাহাদ্রি পাহাড়ের বিখ্যাত আম্বোলি ঝর্ণায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি পরিবার আম্বোলি ঝর্ণায় বেড়াতে যায়। সেখানে দুই নারী ঝর্ণার পানিতে বসে ভিজছিলেন। তাদের সামনে এক যুবক কোলে ছোট শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ঝর্ণার পানির সঙ্গে ভেসে এসে একটি বড় সাপ ওই যুবকের কাঁধের ওপর পড়ে।
আকস্মিক ঘটনায় যুবকটি কিছু বুঝে ওঠার আগেই সাপটি দ্রুত পাশের পাথরের আড়ালে চলে যায়। এ দৃশ্য দেখে উপস্থিত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করে সেখান থেকে সরে যান।
ঘটনার একটি ভিডিও এক পর্যটকের মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে এক পর্যটককে বলতে শোনা যায়, ‘এটি অনেক বড় সাপ, একদম কিং কোবরা!’ তবে সাপটি আসলে কোন প্রজাতির ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












