জুলাই শহীদের তালিকা থেকে মো. শাহিদুল আলমের গেজেট বাতিল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হিসেবে প্রকাশিত আরও একজনের গেজেট বাতিল করেছে সরকার। মো. শাহিদুল আলমের ‘জুলাই শহীদ’ হিসেবে প্রকাশিত গেজেট বাতিল করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর এ-সংক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়। শাহিদুল আলমের গেজেট বাতিলের পর সরকারি তালিকায় স্বীকৃত জুলাই শহীদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৪২ জনে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ‘শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)’-এর ক্রমিক নম্বর ২৩ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন আইন, ২০২৬’-এর ১০(২) ধারায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থানের ‘জুলাই শহীদ’ গেজেট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া গেজেটে গেজেট নম্বর ৮১ এবং মেডিকেল কেস আইডি ৪৪০২ হিসেবে মো. শাহিদুল আলমের নাম ছিল। তার বাবার নাম আছির উদ্দিন আহমেদ এবং মায়ের নাম বেগম সুফিয়া আহমেদ। ঠিকানা হিসেবে চ-৭৮, ওয়্যারলেস গেট, মহাখালী, বনানী, ঢাকা উল্লেখ করা হয়েছিল।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হিসেবে তিন দফায় মোট ৮৫৬ জনের গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে বিভিন্ন কারণে ১৩ জনের নাম গেজেট থেকে বাদ দেওয়া হয়। এতে সরকারি স্বীকৃত জুলাই শহীদের সংখ্যা দাঁড়ায় ৮৪৩ জনে।
সর্বশেষ মো. শাহিদুল আলমের গেজেট বাতিল হওয়ায় সরকারি স্বীকৃত জুলাই শহীদের সংখ্যা এখন ৮৪২ জন।
(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













