বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. হারুনুর রশিদ চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলার আসামি হয়ে হারুনুর রশিদ চৌধুরী দেশের বাইরে অবস্থান করছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আফ্রিকার দেশ মোজাম্বিকে ব্যবসা শুরু করেন বলে জানা গেছে।
সম্প্রতি ব্যাংকক হয়ে দেশে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, হারুনুর রশিদ চৌধুরীকে গ্রেপ্তারের খবর পাওয়ার পর বাঁশখালী থানার একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
ওসি বলেন, হারুনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা এবং ৫ আগস্টের ঘটনাসহ ছয় থেকে সাতটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












