মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নতুন দুটি টিওবি (টেম্পোরারি অপারেশনাল বেস) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে ঘুমধুম ইউনিয়নের আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত টিওবি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।
উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
বিজিবি জানিয়েছে, নতুন টিওবি দুটির মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সক্ষমতা বাড়বে।
বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার বলেন, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে নতুন টিওবি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












