নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে আসছে বড় পরিবর্তন

নতুন জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন কাঠামোয় গ্রেড-২০ থেকে গ্রেড-৬ পর্যন্ত ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট থাকলেও উচ্চতর গ্রেডে এ হার ধাপে ধাপে কমবে।
প্রস্তাব অনুযায়ী, গ্রেড-৫-এ ৪ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। বর্তমানে সব গ্রেডের চাকরিজীবী মূল বেতনের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান।
সশস্ত্র বাহিনীতেও একই নীতি অনুসরণের প্রস্তাব রয়েছে। ক্যাপ্টেন ও সমপদ এবং এর নিচের পদে ৫ শতাংশ, মেজরে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এদিকে ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাও নতুন পে-স্কেল কার্যকর হলে বাতিল করার প্রস্তাব রয়েছে। এই প্রণোদনা প্রথমে ৫ শতাংশ এবং পরে ১০ শতাংশ করা হয়েছিল।
প্রস্তাবিত নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই রাখা হয়েছে। গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
বাড়ি ভাতাতেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। ঢাকায় মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশের পরিবর্তে ৪০ থেকে ৬০ শতাংশ, ঢাকার বাইরে সিটি করপোরেশন ও সাভারে ৪০ থেকে ৫৫ শতাংশের পরিবর্তে ৩০ থেকে ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। বর্তমানে ১০ বছর পর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ৮ বছর করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয়বার উচ্চতর গ্রেডের ক্ষেত্রে ছয় বছর চাকরির শর্ত রাখা হয়েছে।
চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৫০ বছর পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ থেকে ৬০ বছর বয়সীরা ৪ হাজার টাকা পাবেন। পেনশনভোগীদের মধ্যে ৬০ থেকে ৭০ বছর বয়সীরা ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সীরা ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা পাওয়ার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া প্রথমবারের মতো ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য মাসে ১৫০ টাকা মোবাইল ভাতার প্রস্তাব করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম গ্রেডে এ ভাতা হবে ৫০০ টাকা। যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। সরকারের হিসাবে এতে প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।
(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













