দুর্ঘটনার কবলে মহিবুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাস, অক্ষত তিনি

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে মিরসরাইয়ে দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। তবে দুর্ঘটনায় তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
বুধবার উপজেলার বারইয়ারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মহিবুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি।
দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফেনীর মহিপালে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয় বলে সংগঠনটির নেতারা জানান।
ফেনী জেলা হেফাজতে ইসলামের সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী বলেন, বারইয়ারহাটে আমিরের গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে তারা মহিপালে যান। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে মহিবুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













