অনলাইনে কূটনীতিকের ভুয়া পরিচয়, বাংলাদেশিদের সতর্ক করলো মার্কিন দূতাবাস

কূটনীতিকদের ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও কার্ড নম্বরও রয়েছে।
এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষায় দূতাবাস দুটি বিষয়ে সতর্ক থাকতে বলেছে। কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কোনো ধরনের প্রলোভন বা অনুরোধে অর্থ পাঠানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
ভুয়া পরিচয় ও ছবি ব্যবহার করে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।
(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













