আন্তর্জাতিক বাজারে
বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডলারের দর কিছুটা কমে আসা, তেলের দামে স্থিতিশীলতা এবং মার্কিন বন্ডের সুদের হার কমার মধ্যে মূল্যবান ধাতুটির দাম বাড়ে। তবে স্বর্ণের বাজারের পরবর্তী গতিপথ এখন অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ওপর।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৩৬ ডলারে উঠেছে। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম।
এদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ ডলারে দাঁড়িয়েছে।
জেফরিজের মালিকানাধীন ট্রাডুর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস তজাবোরাস বলেন, ডলারের শক্তি কমে আসা, তেলের দামে কিছুটা স্থিতি এবং মার্কিন বন্ডের সুদের হার কমে যাওয়ায় স্বর্ণের দাম বেড়েছে।
তবে তাঁর মতে, স্বল্পমেয়াদে স্বর্ণের দামের প্রবণতা এখনো নিম্নমুখী। ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত স্বর্ণের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় দেয় না এমন স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করে।
তজাবোরাস বলেন, সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে অপরিশোধিত তেল ও ভোক্তা পর্যায়ে দাম বেশি থাকলে মুদ্রানীতি আরও কঠোর করার চাপ তৈরি হতে পারে। এতে স্বর্ণের দামের ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাড়ায় ডলারের ওপর আস্থা কমছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের মতো বাস্তব সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ছে।
চলতি সপ্তাহে আরও কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। শুক্রবার ব্যাংক অব জাপান সুদের হার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ঋণের ব্যয় আরও বাড়ানোর ইঙ্গিত দিতে পারে।
ভূরাজনৈতিক উত্তেজনাও প্রভাব ফেলছে
স্বর্ণের বাজারে ভূরাজনৈতিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানিয়েছেন, মক্কার দক্ষিণে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি হুতি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি পবিত্র নগরী মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।
অন্যান্য ধাতুর দাম
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৭৭১ দশমিক ৬৫ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩০৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম
এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













