আবারও উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনে নিহত ৬

ভারতের মণিপুর রাজ্যে ফের সহিংসতার ঘটনা ঘটেছে। তামেংলং জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের গুলিতে দুই নারী নিহত এবং কয়েকটি খামারবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর আগে তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় চারজন নিহত হন। সব মিলিয়ে গত দুই দিনে প্রাণ গেছে ছয়জনের।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তামেংলং জেলার লেইসাংফাই এলাকায় সর্বশেষ হামলার ঘটনা ঘটে। নিহত দুই নারী হলেন ৬০ বছর বয়সী চোঙ্গা সিথলো এবং ৩০ বছর বয়সী কিমবোই সিংসন। তারা স্থানীয় একটি খেত এলাকায় অবস্থানকালে গুলির শিকার হন। পরে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হামলার সময় কয়েকটি খামারবাড়িতেও আগুন দেওয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে ১৩ সেপ্টেম্বর তামেংলং জেলার টোলেন গ্রামে হামলায় এক দম্পতি নিহত হন। এ ঘটনায় তাদের শিশুসন্তানও আহত হয়। একই দিনে নোনি জেলার লংপি গ্রামে পৃথক হামলায় আরও এক নারী ও এক পুরুষ নিহত হন।
পরপর এসব হামলায় মণিপুরের পাহাড়ি এলাকাগুলোতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন সংগঠন বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
কুকি ইনপি মণিপুর সর্বশেষ হামলায় নিহত দুই নারীর মরদেহ গ্রহণ না করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মরদেহ গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলে আসছে। সাম্প্রতিক হামলাগুলো সেই দীর্ঘস্থায়ী সহিংসতার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিভিন্ন প্রতিবেদনে এ সংঘাতে তিন শতাধিক মানুষের নিহত হওয়ার কথা বলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













