নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ শুরু

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ময়মনসিংহে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠন এবং নির্বাচনী দায়িত্ব পালনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাহিদুল হাসান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে নির্বাচনের গুরুদায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশ সদস্যরা সক্ষম হবেন বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার মো. পারভেজ আলমসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











