কুমিল্লা নগরীতে নকশা ও নির্মাণ অনিয়ম, ৯ ভবনের কাজ বন্ধের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪
অ- অ+

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় নকশা ও নির্মাণসংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে নয়টি নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযানে মোট ১৪টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইন, বাগিচাগাঁও ও ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে নির্মাণাধীন ভবনগুলোর অনুমোদিত নকশা, নির্মাণকাজের সঙ্গে নকশার সামঞ্জস্য এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পরিদর্শন করেন কর্মকর্তারা। এ সময় নকশাসহ নির্মাণসংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পাওয়া গেলে নয়টি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ পাওয়া ভবনগুলোর মধ্যে রয়েছে পুলিশ লাইন এলাকার হাইবার টাওয়ার, বাগিচাগাঁও এলাকার এমএ জাহের লিমিটেড, ডেলমন টাওয়ার, এমআরসি প্রতীক, এমআরসি আল্পনা, এমআরসি কুরাইশি ও বন্ধন টাওয়ার। এছাড়া ঠাকুরপাড়া এলাকার মম রোকেয়া প্যালেস এবং মোহাম্মদিয়া এমএম টাওয়ারও রয়েছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলা নিশ্চিত করতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্মাণকাজে অনিয়ম কিংবা অনুমোদিত নকশার ব্যত্যয় পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগরীর পরিকল্পিত উন্নয়ন ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ করা এবং সংশ্লিষ্ট নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক। অভিযানের মাধ্যমে অনিয়ম চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবন মালিক ও নির্মাণসংশ্লিষ্টদের নিয়ম মেনে নির্মাণকাজ পরিচালনার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

অভিযানে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী
বিআরটিএ তুরাগ কার্যালয়ে দালাল আটক, এক মাসের কারাদণ্ড
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন ৩ জন