ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন ৩ জন

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিন নেতা। তারা হলেন— ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দেন মির্জা ফয়সল আমীন। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। এর আগে মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তার পক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এদিকে জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং ওবায়দুল্লাহ মাসুদও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর তা জমা দিয়েছেন।
সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ওবায়দুল্লাহ মাসুদ ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস। ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তিনি জেলা বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে তিনিও জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
তিন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে ঠাকুরগাঁও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলের তৃণমূল পর্যায়েও এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
মির্জা ফয়সল আমীন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে সক্রিয়। ২০১৫ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। পরে ২০১৭ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রায় আট বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
রাজনৈতিক পরিবারের সন্তান মির্জা ফয়সল আমীনের বাবা মরহুম মির্জা রুহুল আমীন ছিলেন আইনজীবী, সাবেক কৃষিমন্ত্রী ও সংসদ সদস্য। তার চাচা মরহুম মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ। বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এখন বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিন মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকেরা।
(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











