গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

গাজীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আয়োজনে শহীদ বরকত স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। জমজমাট ফাইনালে কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল। বৃষ্টি ও কাদার মধ্যেও ফাইনালে দুই দলের খেলোয়াড়েরা প্রাণবন্ত লড়াইয়ে অংশ নেন। তাদের লড়াই উপভোগ করতে মাঠে থাকা দর্শকদের মধ্যেও ছিল বাড়তি উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইসরাইল হাওলাদার।
অনুষ্ঠানে তরুণদের মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন ইসরাইল হাওলাদার। তিনি বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জিএমপির উপপুলিশ কমিশনাররা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, অফিসার ও ফোর্স, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











