পূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজগুলোতে সর্বোচ্চ টানা ১৬ দিন পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজে এ সময়ে সবচেয়ে বেশি ছুটি থাকবে। অক্টোবর মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ২০ দিন অবকাশ পাওয়া যাবে। এর মধ্যে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় কলেজগুলো টানা ১৬ দিন বন্ধ থাকবে। এছাড়া অক্টোবরের অন্যান্য সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাসটিতে মোট ১০ দিন ক্লাস অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি ও ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা টানা ১০ দিনের ছুটি পাবেন। সব মিলিয়ে অক্টোবর মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ দিন পাঠদান চলবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার দিন যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়েও মোট ১০ দিনের ছুটি থাকবে।
অন্যদিকে, সরকারি ও বেসরকারি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলোতে টানা পাঁচ দিনের ছুটি মিলবে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হয়ে মোট ১০ দিন বন্ধ থাকবে।
তবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিন্ডিকেট বা কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। ফলে দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলো কতদিন বন্ধ থাকবে, তা নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারণ করা হবে।
(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













