বনশ্রীতে বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত, চালক-হেলপার আটক

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার রাত আটটার দিকে বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সারা পরিবহনের আরেকটি বাসের নিচে চাপা পড়েন তাসফিয়া। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
তাসফিয়া আহমেদ তিশার বাসা রাজধানীর মেরাদিয়ার নয়াপাড়ায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন।
দুর্ঘটনার পর তাসফিয়াকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিশার ভাই এনাম আহমেদ বলেন, তার বোন কাজে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় তিনি খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তার বোন দুর্ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে তিনি ঢামেকে এসেছেন।
ঢামেক হাসপাতালে আসা বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা বলেন, তিশা তার দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। অথচ আজ সন্ধ্যায় সড়কে তার রক্তাক্ত নিথর দেহ দেখতে হয়েছে। পরে তিনি তিশার পরিবারের সদস্যদের খবর দেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত পৌনে নয়টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। পাশাপাশি দুই বাসের চালককে আটক করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












