সাগরে লঘুচাপ, ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ সারা দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাত হলে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলো হলো—ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
এদিকে, আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রার ওঠানামার কথা জানিয়েছে অধিদপ্তর। প্রথম দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চতুর্থ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে খুলনার কয়রায় ৩৬ দশমিক ২ এবং ঢাকা, রংপুর ও ফরিদপুরে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, ৩৬ দশমিক ০ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮ দশমিক ০ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি, ৪০ দশমিক ০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।
অন্যদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













