রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শিগগিরই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে বুধবার বিকেলে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, রূপপুর প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। তাদের প্রচেষ্টায় আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহের কথাও জানান আলেকজান্ডার খোজিন। পাশাপাশি মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।
এ সময় এফবিসিসিআই প্রশাসক বাংলাদেশ থেকে রাশিয়ায় তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মানবসম্পদ রপ্তানির সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।
জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রক্রিয়াগত ও আইনি বিষয় পর্যালোচনা করছে। এ ছাড়া রাশিয়ার বাজারে ভারী জুতা ও চামড়াজাত পণ্যের চাহিদা রয়েছে।
কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক সময়ে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











