গাড়ি পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়ের পাশে গুলি, গ্রেপ্তার ২

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি পার্কিং নিয়ে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তর্কবিতর্কের জেরে পথচারীদের ভয়ভীতি দেখাতে গুলি ছোড়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। গ্রেপ্তার দুজন হলেন– মো. হামিদুল গাজী (৪২) ও ফাতেমা ইসলাম এনি (২৬)।
এসআরবি-১ জানিয়েছে, গত ১৭ আগস্ট রাতে হামিদুল গাজী তার কথিত বান্ধবী ফাতেমা ইসলাম এনিকে নিয়ে একটি খয়েরি-মেরুন রঙের প্রাইভেট কারে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে পান খাওয়ার জন্য গাড়িটি থামান তাঁরা। এ সময় গাড়ি পার্কিং নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁদের তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে গাড়িতে থাকা হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদের ভয়ভীতি দেখাতে গাড়ির ভেতরে থাকা একটি অবৈধ অস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ করেছে এসআরবি। এরপর তাঁরা দ্রুত গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান।
এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা হয়।
বুধবার রাজধানীর উত্তরা এলাকায় এসআরবি-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান। মানব পাচার চক্রের চার সদস্য গ্রেপ্তারসংক্রান্ত ওই সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনা নিয়েও কথা বলেন।
এসআরবি-১-এর অধিনায়ক বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গুলিবর্ষণকারী হামিদুল গাজী ও তাঁর সঙ্গে থাকা নারী আরোহী রাজধানীর বনানী থানার এলাকার ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অবস্থান করছেন। পরে গত মঙ্গলবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারটি একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে। গুলি ছোড়ার সময় ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে।
এসআরবি-১-এর অধিনায়ক আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা গাড়িটি বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













