ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে সরকার: এটিএম আজহার

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১১
অ- অ+

সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের দিকে অগ্রসর হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বুধবার (১৬ সে‌প্টেম্বর) দুপুর ১২টায় টিএমএসএস ম‌হিলা মা‌র্কেট অ‌ডি‌টোরিয়া‌মে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের এক প্রেস ব্রিফিং‌য়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের আচরণ কিন্তু মনে হচ্ছে, আপনারা ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছেন। আপনারা আওয়ামী লীগের পথে হাঁটবেন না। সময় থাকতে জনগণের রায় মেনে নিন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করে সরকার দেশ পরিচালনা করলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। তি‌নি অভিযোগ ক‌রেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে নানা টালবাহানা করছে। সংসদে বারবার দাবি জানানো এবং ওয়াকআউট করেও কোনো ফল না পাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, জনগণ যখন গণভোটে রায় দিয়েছে, কোনো অজুহাতে সেটিকে পাশ কাটিয়ে চলা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।

সরকারের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, জনগণের রায় কোনো সময় বিফল হয়নি। জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না করে আপনারা পার পাবেন না। টু-থার্ড মেজরিটির গর্বে যদি জনগণের রায়কে ধূলিসাৎ করেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অতীতে বেশি ভোট ও আসন পেয়েও জনগণের আন্দোলনের মুখে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। জনগণ রাজপথে নামলে কোনো শক্তিই তাদের ঠেকাতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চের অন্যতম প্রধান দাবি হলো গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন। এর পাশাপাশি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ বিভিন্ন দাবি রয়েছে।

সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, স্থানীয় প্রশাসন, সার বিতরণ এবং সরকারি বরাদ্দের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। তাঁর দাবি, সব নাগরিককে সমানভাবে বিবেচনা করে সরকারি সুযোগ-সুবিধা বণ্টন করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, দেশে জোড়া খুনসহ রহস্যজনক হত্যাকাণ্ড বাড়ছে এবং পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে দলীয়ভাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিও জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিস্তা প্রকল্প বাস্তবায়নে কোনো দেশের চাপ বা ভয়কে প্রাধান্য দেওয়া উচিত নয়।

১৯ সেপ্টেম্বরের লংমার্চ প্রসঙ্গে এটিএম আজহারুল ইসলাম বলেন, ঢাকা থেকে শুরু হয়ে সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে গিয়ে কর্মসূচি শেষ হবে। তিনি সাংবাদিকদের লংমার্চের কর্মসূচি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান। ১১ দলীয় জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, লংমার্চটি ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে রংপুরে শেষ হওয়ার কথা রয়েছে।

(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অপরাধের মূল কারণ অনুসন্ধান করে গোড়ায় আঘাত করতে হবে’
নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, সহায়তায় আনসার
আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা