হারানো মোবাইলের ১৪ হাজার জিডি তদন্ত, উদ্ধার ৩ হাজার ১৬৫ ফোন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০
অ- অ+

হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত ২২ মাসে বিভিন্ন থানায় করা প্রায় ১৪ হাজার ৩২২টি সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৩ হাজার ১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে তারা। পরে এসব ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার ১২ এপিবিএনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হারানো মোবাইল ফোন উদ্ধারের জন্য ১২ এপিবিএনে একটি সাইবার ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ শাখা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন থানায় করা হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোন উদ্ধারের কাজ করে এই শাখা।

১২ এপিবিএন জানিয়েছে, বিভিন্ন থানায় করা জিডির তথ্য সংগ্রহের পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধু ও পরিচিত ব্যক্তিদের কাছ থেকেও হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করা হয়। এরপর জিডিতে থাকা তথ্য ও ফোনের আইএমইআই নম্বরের ভিত্তিতে ফোন উদ্ধারের চেষ্টা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২১ মাস ধরে এপিবিএনের সব ব্যাটালিয়নের মধ্যে হারানো মোবাইল ফোন উদ্ধারে প্রথম অবস্থানে রয়েছে ১২ এপিবিএন। গত আগস্ট মাসে তারা ১৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে।

ফোন হারালে যা করবেন

১২ এপিবিএনের পরামর্শ, মোবাইল ফোন কেনার পর এর ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর সংরক্ষণ করে রাখা উচিত। সাধারণত ফোনের বাক্সে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর লেখা থাকে। ফোন হারানো বা চুরি হলে এই নম্বর প্রয়োজন হয়।

ফোন হারালে সংশ্লিষ্ট থানায় আইএমইআই নম্বর উল্লেখ করে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডির কপি ১২ এপিবিএনের নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো যাবে।

এ জন্য ০১৩২০-১৯৪০১৮ ও ০১৩২০-১৯৪০০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি ১২ এপিবিএনের ফেসবুক পেজেও অনলাইন জিডির কপি পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সাইবার টিম এসব মোবাইল ফোন উদ্ধারে কাজ করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অপরাধের মূল কারণ অনুসন্ধান করে গোড়ায় আঘাত করতে হবে’
নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, সহায়তায় আনসার
আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা