নতুন পে-স্কেলে বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২১| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩
অ- অ+

জাতীয় বেতনস্কেল-২০২৬–এ সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা ও সুবিধার হার নির্ধারণ করে বিস্তারিত নির্দেশনা জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে গ্রেড ও কর্মস্থলভেদে মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পাওয়া যাবে। চিকিৎসা ভাতা হবে মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা।

তবে নতুন বাড়িভাড়া কাঠামো কার্যকর হওয়ার আগে, অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের হারেই বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।

বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ

নতুন গেজেট অনুযায়ী, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত কর্মচারীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন। নির্ধারিত অন্যান্য সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় এ হার ৫০ শতাংশ। অন্যান্য এলাকায় বাড়িভাড়া হবে মূল বেতনের ৪৫ শতাংশ।

গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত কর্মচারীদের জন্য ঢাকা শহরে বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ, নির্ধারিত অন্যান্য শহরে ৪০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত এ হার যথাক্রমে ৪৫, ৩৫ ও ৩০ শতাংশ। আর গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা ঢাকা শহরে ৪০ শতাংশ, অন্যান্য নির্ধারিত শহরে ৩০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

সরকারি বাসস্থানে বসবাসকারী কর্মচারীরা বাড়িভাড়া ভাতা পাবেন না। স্বামী-স্ত্রী দুজন সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত হলে এবং তারা একই সরকারি বাসভবনে থাকলে, যার নামে বাসস্থান বরাদ্দ, তার বেতন থেকে নির্ধারিত হারে বাড়িভাড়া কাটা হবে। তিনি বাড়িভাড়া ভাতা পাবেন না। অন্যজন প্রচলিত নিয়মে বাড়িভাড়া পাবেন।

চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা

নতুন বেতনস্কেলে চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত সরকারি কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। ৫০ বছর এক দিন বয়স থেকে অবসরোত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়া পর্যন্ত এ ভাতা হবে ৪ হাজার টাকা।

অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে বয়সভেদে চিকিৎসা ভাতার হার হবে—৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ বছর এক দিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছর এক দিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে মাসে ৬ হাজার টাকা।

বাংলা নববর্ষ ভাতা ১৫ শতাংশ

সরকারি কর্মচারীরা আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও নিট পেনশনের ভিত্তিতে এ ভাতা পাবেন।

বার্ষিক উৎসব ভাতা এবং শ্রান্তি ও বিনোদন ভাতা প্রচলিত বিধি অনুযায়ী বহাল থাকবে। একবার এ ভাতা উত্তোলনের পর বেতন নির্ধারণের কারণে কোনো বকেয়া পাওনা হবে না।

অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরা নিট পেনশনের সমপরিমাণ হারে বছরে দুটি উৎসব ভাতা পাবেন। ১০০ শতাংশ পেনশন সমর্পণকারীরা পেনশন সমর্পণ না করলে যে পরিমাণ নিট পেনশন পেতেন, সেই পরিমাণ অর্থ বছরে দুটি উৎসব ভাতা হিসেবে পাবেন।

সন্তানপ্রতি শিক্ষা ভাতা ৫০০ টাকা

সরকারি কর্মচারীদের সন্তানপ্রতি মাসে ৫০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে ১ হাজার টাকা পাওয়া যাবে।

স্বামী ও স্ত্রী দুজনই সরকারি চাকরিতে থাকলে তাদের ক্ষেত্রে একজনের চাকরিতে সন্তানসংখ্যা গণনা করা হবে। বয়সের সনদ দাখিল সাপেক্ষে সন্তানের বয়স ২৩ বছর পর্যন্ত এ ভাতা পাওয়া যাবে।

১১ থেকে ২০তম গ্রেডে টিফিন ভাতা

জাতীয় বেতনস্কেল-২০২৬-এর ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা টিফিন ভাতা পাবেন। তবে কোনো কর্মচারী নিজ প্রতিষ্ঠান থেকে লাঞ্চ ভাতা বা বিনা মূল্যে দুপুরের খাবার পেলে টিফিন ভাতা পাবেন না।

এ ছাড়া চলতি বা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য মাসে ১ হাজার ৫০০ টাকা কার্যভার ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

ভ্রমণ ভাতার প্রচলিত বিধান আপাতত বহাল থাকবে। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় অর্থ বিভাগ পরবর্তী সময়ে ভ্রমণ ভাতার হার পুনর্নির্ধারণ করে পৃথক আদেশ জারি করতে পারবে।

নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে পুরোনো হার

গেজেটে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন নিয়োগ পাওয়া কর্মচারীরা ৩০ জুন ২০২৬-এ নিয়োগ পেলে যে হারে বা পরিমাণে ভাতা পেতেন, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই হারেই ভাতা পাবেন।

নতুন বাড়িভাড়া কাঠামোসহ সংশ্লিষ্ট ভাতার পরিবর্তিত হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে-স্কেলে একাধিক দুঃসংবাদ
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে সবুজায়ন করতে হবে: ভূমিমন্ত্রী
ডেঙ্গুতে ২ মৃত্যু, হামে ৫