পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫
অ- অ+

পটুয়াখালীর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইয়ুম প্যাদা (৫০), চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০), বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩)। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের পরিচয় নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের একটি বাস। রাত সাড়ে ১১টার দিকে বাসটি ধলু গাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে যান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। প্রথমে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, নিহতরা অটোরিকশাটির যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বাসটিও পানিতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। বাসের ভেতরে কেউ আটকে পড়েছেন কি না এবং পানিতে আরও কোনো মরদেহ আছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপ্রতিম হত্যা রহস্যে নতুন মোড়, আটক তুহিনের বাসা থেকে আইফোন উদ্ধার
ভোরে রাজধানীতে শরতে ‘আষাঢ়ের’ ঝুম বৃষ্টি, সঙ্গে বজ্রপাত
সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন