ভোরে রাজধানীতে শরতে ‘আষাঢ়ের’ ঝুম বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

বর্ষাকাল শেষ হয়ে শরৎ এসেছে। তবে শরতের আকাশে যেন দেখা মিলেছে আষাঢ়ের চেনা রূপ। ভ্যাপসা গরমের মধ্যে আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীতে নেমেছে ঝুম বৃষ্টি। এর সঙ্গে ছিল দমকা বাতাস ও ক্ষণে ক্ষণে বজ্রপাত।
ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। কিছু সময় পর বাতাসের তীব্রতা কমে এলেও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে।
এদিকে ভোর থেকে উত্তরা, মিরপুর, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর, মালিবাগ, মুগদা ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন সড়ক, মোড় ও অলিগলিতে পানি জমে যায়। সকালে কর্মস্থলগামী মানুষের চলাচলেও কিছুটা ভোগান্তি তৈরি হয়।
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, ২০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝোড়ো হাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শনিবার মধ্যরাত ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এর আগে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে মধ্যরাতের আগের ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তীব্র ভ্যাপসা গরমের পর ভোররাতের এই বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি ফিরলেও আকস্মিক বজ্রপাতে আতঙ্ক ছড়ায়। ছুটির পর সপ্তাহের শুরুর দিন সকালে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলেও প্রভাব পড়তে পারে।
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













