‘তছনছ’ সিনেমার নায়ক মুন্না খান কাতারে আটক!

ঢাকাই সিনেমার সমালোচিত নায়ক মুন্না খান কাতারে আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার মুন্না খানের একটি ঘনিষ্ঠ সূত্র ঢাকাটাইমসকে এ খবর জানিয়েছেন।
গত বছরের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘তছনছ’ সিনেমার নায়ক চত্রিত্রে অভিনয় করেন মুন্না খান। সিনেমাটির মুক্তির পর নায়ক হিসেবে ব্যাপক সমালোচিত হন তিনি।
সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী বলছে, সম্প্রতি কাতারের দোহা শহর থেকে মুন্না খানকে আটক করে সেখানকার পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। তবে কী সংক্রান্ত অপরাধে মুন্না খানকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্র।
এদিকে মুন্না খানের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদেবার্তা পাঠানো হলেও তাতে এই অভিনেতার সাড়া মেলেনি। তাই মুন্না খানের আটকের বিষয়টি ঢাকাটাইমস স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
মুন্না খানের প্রকৃত নাম মোহাম্মদ বাবলু। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত আছেন। পেশাগত কাজে কাতারসহ বিভিন্ন দেশে যাতায়াত রয়েছে তার।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













