টেকনাফ সীমান্তে মালিকবিহীন ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬৪ বিজিবি)। এ সময় ইয়াবাগুলো ফেলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা সীমান্তের শ্মশানঘাট এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে চারজন ব্যক্তি বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা বস্তাগুলো শ্মশানঘাটের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন।
উদ্ধার করা ইয়াবার পরিমাণ চার লাখ পিস বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৬৪ বিজিবির অধিনায়ক বলেন, ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির ওই অধিনায়ক ।
(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










