ডাকাতির পর অস্ত্রের মুখে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় গৃহবধূর ১৪ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। ঘটনার ভিডিও ধারণ করে পরে আরও টাকা দাবি এবং বিষয়টি প্রকাশ করলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজিব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও চারজন জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) ওই বাড়িতে গিয়ে পানি চান। গৃহবধূর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
পরে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে ঘরে প্রবেশ করে দলটি। তারা আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। এরপর গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় রাজিব মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, ডাকাত দলটি চলে যাওয়ার সময় তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা দেওয়ার দাবি করে। বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নির্জন এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অন্য চারজন পালিয়ে যান। গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে রাজিব তার মোবাইল ফোনটি পানিতে ফেলে দেন। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, রাজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে ঘটনার ভিডিওসহ মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










