চাঁদপুরে নিখোঁজের চারদিন পর ফসলি জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯
অ- অ+

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমিতে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার এক নারী বাড়ির ময়লা পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে একটি মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনরা এসে মরদেহটি রিকাবি বেগমের বলে শনাক্ত করেন। তিনি মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে তাঁর সন্ধান চাওয়া হয়।

নিহতের ছেলে বাচ্চু মিয়া সওদাগর বলেন, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। এর আগেও তিনি কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। নিখোঁজের পর চারদিন ধরে তাঁরা মাকে খুঁজছিলেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ
ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কমবে দিনের তাপমাত্রা
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী