ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ৪৩, ওয়ারী বিভাগে ৫৭, মতিঝিল বিভাগে ৬৩, তেজগাঁও বিভাগে ৭৯, মিরপুর বিভাগে ১৪৬, গুলশান বিভাগে ৪১, উত্তরা বিভাগে ৪৫ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য, বিস্ফোরক তৈরির উপকরণ, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক এবং একটি বিস্ফোরিত ককটেলের টিনের অংশবিশেষ।
এ ছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি ও ১৪টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
এ ছাড়া ইয়াবা তৈরির দুটি মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












