স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ছুটির তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধনের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সেই তারিখ পরিবর্তন করা হলো।
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ পরিবর্তনের প্রভাব পড়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর সময়সূচিতেও।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ফলে ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজে ছুটি থাকবে এবং পরদিন ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













