২০তম এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার রাতে তিনি দেশে ফেরেন। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ করেন এবং তাদের উৎসাহ দেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আলোচনা সভায়ও অংশ নেন তিনি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করতে এ ধরনের উচ্চপর্যায়ের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













