সিদ্ধিরগঞ্জে

পদ্মা অয়েলের কর্মীদের কাছে চাঁদা দাবি, অভিযুক্ত ফয়সাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান ফয়সালের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, এ ঘটনায় ডিপোর কর্মী রফিকুল ইসলাম ফয়সালসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। রফিকুল ইসলাম পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার হিসেবে কর্মরত।

অভিযোগে বলা হয়, ১ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ সময় গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত কর্মীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে কয়েকজন ব্যক্তি গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে গিয়ে আবারও এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় কর্মরত ব্যক্তিদের সঙ্গে গালিগালাজ ও মারমুখী আচরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

চাঁদার টাকা না দিলে এবং এ বিষয়ে থানায় অভিযোগ বা মামলা করলে সুযোগমতো হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন রফিকুল ইসলাম।

অভিযোগকারী আরও জানান, এসব ঘটনায় গোদনাইল ডিপোর কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ভবিষ্যতে কর্মস্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ফয়সালকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামের সরকারি দপ্তরে ‘নো স্মোকিং’ নিশ্চিতের তাগিদ
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মামলা
ঝিনাইদহে শিশু সাবা হত্যায় নারীর যাবজ্জীবন