জাতীয় হৃদরোগ হাসপাতালে রোগীকে বাইরে নেওয়ার চেষ্টার অভিযোগ, আনসারের হাতে আটক

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীকে প্রলোভন দেখিয়ে বাইরে নেওয়ার চেষ্টার অভিযোগে মো. রিয়াজ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শেরেবাংলা নগর থানার অধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ ঘটনা ঘটে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রিয়াজ ওই রোগীকে বিভিন্ন ধরনের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে রোগী আনসার সদস্যদের জানান।
পরে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি আনসার দল গিয়ে রিয়াজকে আটক করে।
আনসারের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ রোগী ও তাঁদের স্বজনদের কম খরচে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার কথা বলে বিভিন্ন সময় হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে নেওয়ার চেষ্টা করার কথা স্বীকার করেছেন।
পরে রিয়াজকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অভিযানে পিসি মো. আমিনুল হক, এপিসি জহিরুল ইসলাম, আনসার সদস্য মো. হাবিবুর রহমান ও মো. আমিনুল ইসলাম দায়িত্ব পালন করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের প্রলোভন দেখিয়ে বাইরে নেওয়া বা হয়রানি ঠেকাতে হাসপাতালগুলোতে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












