আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮
অ- অ+

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান ও কাউন্সিল অব দ্য কলেজের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সভায় এএফএমসির শিক্ষার মান আধুনিকায়ন, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি, সাম্প্রতিক পেশাগত পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ডিজিএমএস মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, এএফএমসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় এএফএমসির বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা, ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ২৯তম ব্যাচের ক্যাডেট ভর্তি কার্যক্রম এবং একাডেমিক ভবন ও মহিলা ডরমেটরির বর্ধিতাংশ নির্মাণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, নিজস্ব ডেডিকেটেড ট্রেনিং হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ এবং ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাডেট সংখ্যা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়ও সভায় গুরুত্ব পায়।

১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক কার্যক্রম শুরু হয়।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে এএফএমসির শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী ও দেশের জন্য দক্ষ, মানবিক, নৈতিক ও আধুনিক চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও বিস্তৃত হবে।

কাউন্সিল সভা শেষে সেনাবাহিনী প্রধান ও কাউন্সিল অব দ্য কলেজের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান এএফএমসির বিদ্যমান ক্লিনিক্যাল স্কিলস অ্যান্ড সিমুলেশন ল্যাবরেটরি পরিদর্শন করেন।

এ সময় তিনি ল্যাবরেটরিটি আরও আধুনিক ও সম্প্রসারিত পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নির্ধারিত নতুন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহ্ মোস্তফা আলমগীর ডিবির অভিযানে গ্রেপ্তার
‘আপনার এখানে থাকা উচিত নয়’—সিএনএন সাংবাদিককে ট্রাম্পের ধমক
স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ, এক বছর পর কিশোরী উদ্ধার
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বিপাকে আমদানিকারকরা