শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ অনুরোধে পেট্রোলিয়াম লেভি ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রতিবাদে আয়োজিত ইসলামাবাদ অভিমুখী লংমার্চের পরবর্তী ধাপ আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের বিরোধী দল জামায়াতে ইসলামী (জেআই)। তবে দলটি জানিয়েছে, সরকারের সঙ্গে চূড়ান্ত বৈঠক না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন এবং মুলতানের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
মঙ্গলবার মুলতানে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলটির আমির হাফিজ নাইমুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বয়ং তাকে ফোন করে ইসলামাবাদ অভিমুখী পদযাত্রা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন এবং বিষয়টির সমাধানকল্পে জামায়াত নেতৃত্বকে আলোচনার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বর্তমানে বিদেশ সফরে থাকায় তিনি দেশে ফেরার পর দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। হাফিজ নাইম বলেন, জনগণের স্বার্থে তারা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বৈঠকে সাড়া দেবেন, তবে মুলতানে চলমান ধর্না কর্মসূচি থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে জামায়াত প্রধান অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য ও তেলের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে। সরকার যেসব ত্রাণ বা সাহায্যের কথা বলছে তা একেবারেই অপর্যাপ্ত। সরকারের পক্ষ থেকে আইএমএফের শর্তের অজুহাত দেখিয়ে পেট্রোলিয়াম লেভি না কমানোর কথা বলা হলেও জামায়াতের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম কমানোর জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব পেশ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার কেবল মুখে আশ্বাস দিলে চলবে না, আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের কাছ থেকে স্পষ্ট ও লিখিত প্রতিশ্রুতি আদায় করা হবে।
বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে পাকিস্তানজুড়ে প্রায় ৫১০টি স্থানে অবস্থান কর্মসূচি পরিচালনা করেছে এবং হরতাল পালন করেছে। দেশব্যাপী এই গণদাবি আদায়ের কর্মসূচি সরকারকে তীব্র চাপের মুখে ফেলেছে বলে তিনি উল্লেখ করেন। দলটির কোনো নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নেই, বরং কেবল জনস্বার্থেই এই আন্দোলন চালানো হচ্ছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। সূত্র: দ্য নিউজ পাকিস্তান
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













