জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌজন্য সাক্ষাৎ করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ হয়। তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক মঙ্গলবার শুরু হয়েছে। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই উচ্চপর্যায়ের পর্বে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং অন্যান্য উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দিচ্ছেন। অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান।
মঙ্গলবার সাধারণ বিতর্কের উদ্বোধনী দিনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
এদিকে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











