ভারতের শিক্ষার্থী আন্দোলনের নতুন মুখ নেহা বোরা, কে এই তরুণী?

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১৫:১৭
অ- অ+

ভারতের সাম্প্রতিক ছাত্র ও যুব আন্দোলনে আলোচনায় উঠে এসেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর জাতীয় সভাপতি নেহা বোরা। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এই পিএইচডি গবেষক গত কয়েক মাসে দিল্লি, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সাম্প্রতিক সময়ে ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আন্দোলনেও তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। দিল্লির যন্তর-মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে নেহা বোরা পুলিশি হেফাজতেও যান। ২ অক্টোবরের ওই বিক্ষোভে তার সঙ্গে আরও কয়েকশ শিক্ষার্থী ও কর্মীকে আটক করা হয়েছিল।

আন্দোলন দিয়ে আলোচনায়

নেহা বোরা প্রথম বড়ভাবে আলোচনায় আসেন দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের সময়। ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কথিত অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে তিনি অংশ নেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্রায় ২৩ দিন অনশনেও ছিলেন।

এরপর ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন তিনি। ৭ আগস্ট রাঁচিতে বিধানসভা অভিমুখী মিছিলে অংশ নেওয়ার সময় এক ব্যক্তি তার দিকে কালি ছুড়ে মারেন। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। ঘটনার পর নেহা জানান, এ ধরনের ঘটনায় তিনি আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না।

কে এই নেহা বোরা?

নেহা বোরা উত্তরাখণ্ডের বাসিন্দা। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয়, দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড অ্যাসথেটিকসে পিএইচডি করছেন।

তিনি বামপন্থি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি। সংগঠনটি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের সঙ্গে যুক্ত। নেহা বোরা দিল্লি বিশ্ববিদ্যালয় ও জেএনইউয়ের ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন ছাত্র ও যুব আন্দোলনে অংশ নিয়েছেন।

এসআইআর ইস্যুতেও সরব

বর্তমানে নেহা বোরার রাজনৈতিক তৎপরতার অন্যতম কেন্দ্র ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। বিরোধী দল ও আন্দোলনকারীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নির্বাচন কমিশন অবশ্য ভোটার তালিকা সংশোধন ও প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার কথা বলছে।

এসআইআর ইস্যুতে নেহা বোরা এবং আইসা দিল্লিতে ধারাবাহিক আন্দোলনে অংশ নিচ্ছে। ৩ অক্টোবরও যন্তর-মন্তরে বিক্ষোভে অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়।

পরিবার বিজেপি সমর্থক, নেহা বামপন্থি রাজনীতিতে

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেহা বোরা জানিয়েছিলেন, তার পরিবারে বিজেপির কট্টর সমর্থক রয়েছেন। দিল্লিতে আসার পর তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারে এ নিয়ে মতপার্থক্য তৈরি হয়।

তবে নেহার নিজের রাজনৈতিক অবস্থান বামপন্থি। তিনি শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকারসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনে সক্রিয় রয়েছেন।

অভিজিৎ দীপকের সঙ্গে তুলনা, নেহার বক্তব্য ‘সংহতি’

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেহা বোরা ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে নিয়ে তুলনামূলক আলোচনা শুরু হয়। তবে নেহা বোরা নিজেই এ ধরনের তুলনা প্রত্যাখ্যান করে ‘সংহতি’র ওপর গুরুত্ব দেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

অন্যদিকে, দিল্লির সাম্প্রতিক আন্দোলনে সিজেপি ও আইসার মধ্যে সহযোগিতার বিষয়টিও আলোচনায় এসেছে। নেহা বোরা জানিয়েছেন, জনস্বার্থে আন্দোলন হলে আইসা বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ছাত্র আন্দোলন, চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে সাম্প্রতিক বিক্ষোভে ধারাবাহিক উপস্থিতির কারণে নেহা বোরা এখন ভারতের ছাত্র রাজনীতির আলোচিত মুখগুলোর একজন হয়ে উঠেছেন।

(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন