স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ১৬:৩৫
অ- অ+

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ডা. জুবাইদা রহমানের পরামর্শ ও সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছেন। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানান।

দেশে গত দুই বছর হামের টিকাদানে ঘাটতি থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, আগের সময়ে সৃষ্ট পরিস্থিতির চাপ বর্তমান সরকারকে সামাল দিতে হচ্ছে। তবে স্বাস্থ্য খাতের সমস্যা সমাধান ও জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পূর্ববর্তী সরকার দেশের বিভিন্ন খাতের ব্যাপক ক্ষতি করেছে। স্বাস্থ্য খাতের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নেও বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, মানবদেহের বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

থাইরয়েড বিষয়ে সচেতনতা সৃষ্টি ও গবেষণায় সহযোগিতার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার কথা জানান নূরুল ইসলাম মনি। এ ক্ষেত্রে সংসদে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুযোগ থাকলে তা বাস্তবায়নেরও চেষ্টা করবেন বলে জানান তিনি।

শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগের সমন্বয়ে থাইরয়েড রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়ন সম্ভব বলে আশা প্রকাশ করেন চিফ হুইপ। সম্মেলনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সুপারিশ দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। স্বাগত বক্তব্য দেন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। অনুষ্ঠানে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফৌজিয়া মোসলেম উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসআরবির কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: লে. কর্নেল হাফিজুর রহমান
জায়েদ খানকে কানাডিয়ান পুলিশের পোশাকে দেখে চমকে গেলেন ভক্তরা!
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা