ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা

বৃষ্টি পণ্ড করে দেবে না তো ম্যাচ! ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের আগে এমনই আশঙ্কা কিন্তু ঘুরছে ক্রিকেটমহলে। ভারতের আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ধর্মশালায়। যা সত্যি হলে, বৃহস্পতিবার সিরিজের প্রথম একদিনের ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হবে।
গত বছর ধর্মশালাতেই ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে ধুয়ে যায় সেই ম্যাচ। একটি বলও খেলা হয়নি। এবার একদিনের সিরিজের প্রথম ম্যাচের আগেও তেমন আশঙ্কা বাড়ছে।
সম্প্রতি বিরাট কোহলির দল নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। রান পাননি অধিনায়ক কোহলিও। ফলে, মারাত্মক চাপের মধ্যে তিনি। এই সিরিজে আবার চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার। তিনজনই চাইবেন দ্রুত ছন্দে ফিরতে।
অন্যদিকে, কুইন্টন ডি ককের দল সদ্য টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে। তাছাড়া দলে ফাফ ডু প্লেসিস ও রাসি ভ্যান ডের ডুসেনের অন্তর্ভুক্তি শক্তি বাড়াচ্ছে।
(ঢাকাটাইমস/১১ মার্চ/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































